শিশুর বাণিজ্য
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
আমার খোকার নৌকাখানির দাম সে লক্ষটাকা-
ঝিনুক-নায়ে পাল তোলা তার প্রজাপতির পাখা;
চাঁপার কলি দাঁড় ক-খানি, অপ্রাজিতার হাল,
মাস্তুলটি সদ্য গড়া পদ্মফুলের নাল!
কোথায় যাবে সোনার খোকা-বাণিজ্যি করতে-দেশবিদেশের মুক্তো এনে বেসাতি ভরতে!
আমার খুকির গাড়িখানির দাম সে লক্ষটাকা-
ইঁদুর ছানার সাদা জুড়ি, কদম ফুলের চাকা;
গাঁদা ফুলের গদিটি তার, ধুতরো ফুলের ছই,
ঝুমকো ফুলের ঝালর ঝোলে ছইয়ের 'পরে ওই!
কোথায় যাবে সোনার খুকি-বাণিজ্যি করতে-দেশবিদেশের রত্ন এনে পশরা ভরতে!
যা রে সোনার খোকাখুকি বাজার লুটে আনি
রাজার মতন সাজা তোদের নিজের গৃহখানি।
দু-হাত দিয়ে বিলিয়ে দিলেও তোদের আনা ধন,
লক্ষগুণে বাড়বে ছাড়া কমবে না কখন।
জ্ঞান-ই তোদের মুক্তোমানিক, ধর্ম তোদের হীরে-
সকল রতন চেয়ে যতন করিস্ এ দুটিরে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।