চৈত্র-স্মৃতি
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
কবে কোন্ অতীতের সুমধুর চৈত্র-দ্বিপ্রহরে
দুটি কাঁচা আম পেড়ে দিয়েছিনু তার কচি হাতে-
স্নিগ্ধ শ্যাম সেই বর্ণ! শেষ-বসন্তের শূন্য ঘরে
সেই মৃদু সৌরভের ছন্দটুকু কাঁপে মলয়াতে!
তুচ্ছ দুটি ফল পেয়ে কী আনন্দে দীপ্ত সে আনন!
মূর্ত পুরস্কার যেন-মনে পড়ে আজো ক্ষণে ক্ষণে!
ঝড়ে-পড়া কত আমে ভরিল এ কানন অঙ্গন, -
সে হাসি ভুলিনি আজো-আলো করে আছে মোর মনে! -সেদিন নাহিকো আর; সে যে আজ সিঁদুরে-চন্দনে গোলাপখাসের মতো রঙে-রূপে পূর্ণ এতদিন,-
অমৃত-নিন্দিত গন্ধে বিতরিছে সে কোন্ নন্দনে
আনন্দের মকরন্দ! দাতা আজি হইয়াছে দীন। -
সেই ভালো, সেদিনের কচি আর কাঁচার-সৌরভ
শূন্যগৃহে পূর্ণ করি তুলুক সে স্মৃতির গৌরব।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।