ইসাবেলা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সোনালি পােকাটি তুমি দেখেছাে কি অঘ্রানের মাঠে ?
ধান নাই—ধানের দেহও নাই ঠিক
আছে এক দেহাতীত সুষমা ধানের
অর্থাৎ তােমার মতাে
অঘ্রান, জন্মের মাস, তােমাকে নিজের মতাে ভালােবাসি
ইসাবেলা , তুমি কত ভেঙেছাে ডালিম
তুমি তালবীথিতলে মার্বেলে বসেছো গিয়ে হে তদনুরূপা
তুমি ইউক্যালিপটাস গাছ রােপণ করেছো মধুপুরে
তুমি এক মাঘ মাসে আমার কাছেই ফিরে এসেছিলে
এনেছিলে কীটসের হাইপেরিঅন
সােনালি পােকাটি তুমি দেখেছাে কি অঘ্রানের মাঠে
অর্থাৎ নতুন চাঁদ — ঐ সব ?
ভালােবাসা থেকে আমি মুক্তি চাই — তােমার - আমার
ভিতরের ব্রিজ ভেঙে দিতে চাই
পাল্লা সরিয়ে নিতে চাই —
যাতে অতিকাল্পনিক আমাদের যােগাযােগ হয়ে পড়ে
তুমি মধুপুর থেকে এখন এসাে না কাছে ফিরে আর
তুমি ঝিনুকের ভিতরে অনন্তকাল শুয়ে থাকো
কিংবা বাহান্ন বিঘা চাষ করে গােলাপ বসাও
ব্লেকের উৎসবে
ভালােবাসা থেকে আমি মুক্তি চাই—তােমার-আমার
ভিতরের ব্রিজ ভেঙে দিতে চাই
ব্লেকের উৎসবে।
তুমি রূপবাদীদের একবার প্ররােচিত করাে—একবার
তুমি ইস্টিশানে গিয়ে ফিরে এসাে
তুমি রাসতলা থেকে হয়ে যাও দলছাড়া
তুমি স্টেজে উঠে পড়ে কথা ভুলে যাও
ছাদের কার্নিশে এসে বসাে তুমি
তখন আমার তুমি দিশা পাবে
জামাটি আমার কিংবা আমি জামাটির,
তুমি জানাে নিয়ে যাও তােমাদের হারমােনিয়ম
আমাদের সভা থেকে
সভা তাে ভেঙেছে কাল
হারমােনিয়ম থেকে আমরা অনেক দূরে চলে গেছি ইসাবেলা,
তুমি ছিলে অতিথিবৎসল
ইসাবেলা, তুমি কত অতিথিবৎসল।
কাব্যগ্রন্থ -
'মন্ত্রের মতন আছি স্থির'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।