চতুর্দশপদী কবিতাবলী - ৫৩
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মানুষের পাশে দেখি শুয়ে আছে প্রিয় মানুষের
সমাধি — সবার কাছে পরপার অঙ্গাঙ্গি এমন!
অসংসক্ত, স্বাভাবিক মানুষ দেখেছি আমি ঢের
সুখী মানুষেরে আমি দেখে গেছি অনেক, জীবনে
সকল মানুষ দৃঢ়চিত্ত নয়, কিন্তুু ছায়াবাদী
আয়নায়, জলের প্রান্তে তার স্বতোৎসার ছায়াময়
কাঠামো, শৌখিন ফোটো দেখেছি কেমন ভালোবাসে।
শতাব্দীতে একবার ধুয়ে দেয় সমাধি, সময়।
সেই সব সমাধির ধোয়া জলে আমার জাহাজ
ভেসে গেছে। জল ছাড়া অতিরিক্ত তাদেরও অস্তিত্ব
কেন্দ্র করে, শতাব্দীতে একবার আমার জাহাজ
সামগ্রীর লোভে নয়, লোকান্তর সুখ–ভোগে নয়
দু-রূপ খুশিতে মেতে ভেসে গেছে চির পরপারে—
সেইসব সমাধির ধোয়া জলই আমার জাহাজ!
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।