আজ আমি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আজ আমার সারাদিনই সুর্যাস্ত, লাল টিলা-- তার ওপর
গড়িয়ে পড়ছে আলখাল্লা- পরা স্মৃতির মেঘ
গড়িয়ে পড়ছে উস্কোখুস্কো ভেড়ার পাল, পিছনে পাঁচন
জলও বা হঠাৎ-ফাটা পাহাড়তলির
কিংবা বৃষ্টি-শেষের রাতে যেমন আসে কবিতার আলুথালু স্বপ্ন,
সোনালি চুল
আজ আমি কিছুতেই আর দেহ ফেলে উঠে আসতে পারলুম না
পাড়ের কাঁথা, মাটির বাড়ি, নোনা হাওয়া--
সবারই কেমন একটা দেহ-দেহ ভাব আছে, আঁশটে গন্ধ আছে, যা মায়া--
ফুল দেখলে আমার মায়া জাগে না,
কাদা দেখলে বুক আমার ফুটন্ত কেতলির মতন
বাষ্পাকুল হয়ে ওঠে।
গতকাল পর্যন্ত দিনগুলোর আলাদা কোনো স্বাদ-গন্ধ-বর্ণ ছিলো না
আয়নার আপন ছায়ার মতন সে ছিলো নাছোড়বান্দা আর ধুরন্ধর
এমন করে ভোগের পাড় থেকে ঠেলতে-ঠেলতে আমায় নিয়ে চলেছিলো
যেখানে ক্রমাগত ঝাঁপ হচ্ছে নিচে জ্বলন্ত কাতানের মতন ঢেউ,
মাছচিংড়ি আর সারবন্দী
পালিয়ে যাবার পথ
ভাগ্যিস, আমি ঘুষি মেরে আয়নাটা ভেঙে ফেলেছিলুম।
বহুকাল বাদে আজ আমার লাগছে ভালো--সারাটি দিনস সূর্যাস্ত,
লাল টিয়া--
তার ওপর গড়িয়ে পড়ছে আলখাল্লা--পরা স্মৃতির মেঘ।
আমি আমার চশমাটা পুলিশের চোখে-কানে রেখে বলেছি--
পথটুকু পরিস্কার রাখো হে
কাজ-কর্মে ভুলচুক আমার আবার তেমন পছন্দ হয় না।
আজ আমি কিছুতেই আর ওদের ফেলে উঠে আসতে পারলুম না
পাড়ের কাঁথা, মাটির বাড়ি, নোনা হাওয়া--
সবারই কেমন একটা দেহ-দেহ ভাব আছে, আঁশটে গন্ধ আছে, যা মায়া--
কাব্যগ্রন্থ -
"পাড়ের কাঁথা মাটির বাড়ি"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।