গঙ্গাস্নান
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
তাই বলি-গঙ্গাস্নানে কেন এত ঝোঁক!
ওইটুকু ছোট্ট মেয়ে-ন-বছরই হোক্,
নিতান্ত বালিকা ছাড়া কী বলিব আর-
এ বয়সে অন্য কিছু সম্ভবে না আর!
প্রত্যহ প্রত্যুষে দেখি, শয্যাখানি ছাড়ি
অস্থির হইয়া উঠে যেতে তাড়াতাড়ি
নদীর কিনারটিতে; শুনিবে না কানে-
বাড়িতে নাওয়ার কথা-কেন সেই জানে!
বুঝিতে পারি না আর, সেদিন গোপনে
লুকায়ে ব্যাপার তার হেরিনু নয়নে।
ছয়মাস আগে তারি ছোট বোনটিরে
যেখানে করেছি দাহ জাহ্নবীর তীরে,
ঠিক তারি পাশটিতে চুপ করে চেয়ে
হেরিলাম এক দৃষ্টে বসে আছে মেয়ে!
মৌন কণ্ঠে নাহি বাণী, চক্ষে নাহি জল,
বিস্মিত ব্যথিত দৃষ্টি বুঝি সে কেবল
খুঁজিয়া দেখিতে চায়, কী করিয়া ধূলি
কোথায় রাখিল তারে লুকাইয়া তুলি!
ভস্মপাশে ফুলমালা-মূর্তিমতী শোক,
বুঝিলাম গঙ্গাস্নানে তাই এত ঝোঁক।
বহুদিন পরে চোখে ফিরে এল জল,
জাহ্নবীর ভরা আঁখি করে ছলছল!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।