বিরহ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সংলগ্ন যা কিছু ছিলো মিলালো সন্ধ্যায় ক্ষণপরে
এবার নিশ্চিন্ত একা,
আবছায়া নিয়েছে আমায় স্পন্দনবিহীন মঞ্চে
সুদূর সতত-ভ্রান্ত রেখা
মায়াবী চিত্রেরে ঢাকে স্রষ্টাছাড়া নীলান্তরালে
সকল বিন্যাসে, মূলে সেকি ছিলো শয়ান পাথর
কুকর্মে, আধার ক্রুর, তমোময় নিদ্রায় ঝরিয়া
পড়েছে হিংস্রের মুখে জাগা নাই কখনো সংকটে আড়ালে
হে শিল্প একা গড়ো শিল্পী সন্ত্রস্ত মিলনে
এত মম দুর্বলতা এত মম বিষাদের ভার
কারে দেবো করতলে, কারে দেবো স্তনের করালে
নিভৃত নাসার ধ্বনি, বেলা যায় হরিয়া বিরল
বাতায়ন কোনো, কোনো তন্দ্রায় সংশয়ে চেয়ে থাকা
আজি প্রয়োজন মম মিটে গেছে, পুনর্মিলনের
অবসর ভরা থাক অসহ্য আনন্দে ভাবা তারে
ক্বচিৎ বৃষ্টির মতো অপলক রহস্যময়তা
ধর্মভিক্ষা চাই কোনো লগ্নহীন দেবতার কাছে।
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।