স্বদেশ
এই কবিতাটি লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত · ১ মিনিট পড়ার সময় ·
জাননা কি জীব তুমি,
জননী জনমভূমি
সে তোমায় হৃদয়ে রেখেছে।
থাকিয়া মায়ের কোলে,
সন্তানে জননী ভোলে,
কে কোথায় এমন দেখেছে॥
ভূমিতে করিয়ে বাস,
ঘুমেতে পুরাও আশ,
জাগিলে না দিবা বিভাবরী।
কতকাল হরিয়াছ,
এই ধরা ধরিয়াছ,
জননী জঠর পরিহরি॥
যার বলে বলিতেছ,
যার বলে চলিতেছ,
যার বলে চালিতেছ দেহ।
যার বলে তুমি বলী,
তার বলে আমি বলি,
ভক্তিভাবে কর তারে স্নেহ॥
মিছা মণি মুক্তা হেম,
স্বদেশের প্রিয় প্রেম,
তার চেয়ে রত্ন নাই আর।
সুধাকরে কত সুধা,
দূর করে তৃষ্ণা ক্ষুধা,
স্বদেশের শুভ সমাচার॥
ভ্রাতৃভাব ভাবি মনে,
দেখ দেশবাসীগণে,
প্রেমপূর্ণ নয়ন মেলিয়া।
কত রূপ স্নেহ করি,
দেশের কুকুর ধরি,
বিদেশের ঠাকুর ফেলিয়া॥
স্বদেশের প্রেম যত,
সেই মাত্র অবগত,
বিদেশেতে অধিবাস যার।
ভাব-তুলি ধ্যানে ধরে,
চিত্রপটে চিত্র করে,
স্বদেশের সকল ব্যাপার॥
স্বদেশের শাস্ত্রমতে,
চল সত্য ধর্মপথে,
সুখে কর জ্ঞান আলোচন।
বৃদ্ধি কর মাতৃভাষা,
পুরাও তাহার আশা,
দেশে কর বিদ্যা বিতরণ॥
দিন গত হয় ক্রমে,
কে আর ভ্রমে ভ্রমে,
স্থির প্রেমে কর অবধান।
বাস করি এই বর্ষে,
এই ভাবে এই বর্ষে,
হর্ষে কর বিভুগুণগান॥
উপদেশ বাক্য ধর,
দেশে কেন দ্বেষ কর,
শেষ কর মিছে সুখ-আশা।
তোমার যে ভালবাসা,
সে হোলনা ভালবাসা
আর কোথা পাবে ভালবাসা?
এ বাসা ছাড়িবে যবে,
আর কি হে আশা রবে?
প্রাপ্ত হয়ে আশা-নাশা বাসা।
কেবা আর পায় দেখা,
এলে একা, যাবে একা,
পুনর্ব্বার নাহি আর আসা॥
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।