জন্মে থেকেই মাটির ওপর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
জন্মে থেকেই মাটির ওপর আছাড় খেয়ে পড়তো
ফাটতো মাথা ছিঁড়তো হাতা জামার
উঁচুয় উঠে ভয় পেতো সে নামার
নামতে গিয়ে বন্ধ চোখে হোঁচট খেয়ে পড়তো।
এমনি করেই ভাঙতে-ভাঙতে ভাঙতে-ভাঙতে কবে
দিন ফুরোলে সন্ধ্যা যখন হবে
একাকী এক গাছ ছিলো, তার মাথার ওপর চড়তো।
এ ছাড়া তার কাজ ছিলো না কোনো
খানিক চোখের দেখা এবং খানিকটা দুঃস্বপ্ন
বাগান পুকুর উঠোন জুড়ে গেরস্থালি গড়তো।
কিন্তু, সে তো জন্মে থেকেই মাটির ওপর পড়ছে
বস্তু থেকে নিচ্ছে বিকাশ, আর কিছুটা গড়ছে
মনের মতন বনের মতন—যেমন লোহায় মরচে
এবং সে তো জন্মে থেকেই মাটির ওপর পড়ছে।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।