দুঃখ কি সহজে যায়
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুঃখ কি সহজে যায়?তাকে ধুতে নদী-ভরা জল
লাগে ও বাতাস লাগে সেই ভেজা অঞ্চল শুকাতে।
দুঃখ কি সহজে যায়?তাকে মুছতে দুপুর-রোদ্দুর
লাগে ও বাতাস লাগে, ধুলো লাগে, বালুকণা লাগে।
দুঃখ ধুয়ে মুছে গেলে থাকে তার অনিবার্য দাগ—
একদিন ছিলো বলে চেনা যায়, বোঝা যায় সবই
দুঃখ যেন পাণ্ডুলিপি,অকালপ্রয়াত হলে কবি
থাকে চমকের মতো স্মৃতি অভিমান খরচোখ
কপালের অশ্বক্ষুর,নাসার দুপাশে অশ্রুরেখা এই সব।
কাব্যগ্রন্থ- প্রকাশকাল :
'ভালোবেসে ধুলোয় নেমেছি' অগ্রহায়ণ-১৩৮৫
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।