আমিই তােমাকে বসতে শিখিয়েছি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তােমার সঙ্গে তৎক্ষণাৎ সম্পর্ক ছেদ করে দেবাে—
যদি দেখি
দিনদুপুরেই জ্বলন্ত লণ্ঠনে ডুবিয়ে মুখ তুমি বসে আছাে
বসে আছাে যেভাবে পাথর বসে থাকে গা ছড়িয়ে পাথরের ভেতর
বসে আছো — আমিই তােমাকে অমনভাবে বসতে শিখিয়েছি।
স্বীকার করাে — ঘর আঁধার করে একদিন তােমার মুখের ফোঁটা -ফোঁটা
ভাবনা আমি সরিয়ে দিয়েছিলাম — ফুঁ দিয়ে ফুলিয়েছিলাম কাঠ
দাঁতে দাঁত, জিভে জিভ - তরঙ্গে তরঙ্গ
স্বীকার করাে — ঘর আঁধার করে একদিন তােমায় আমি চীনালণ্ঠনের
গল্প শুনিয়েছিলাম লণ্ঠন তােমার সঙ্গে কোনােকালে
বিছানায় যাবে না শুতে গেলেই ওর জিভ বেরিয়ে পড়বে,
ভেতরের রসকষ যা কিছু আছে
এক ঝলকে পড়বে ঝরে - খাঁ খাঁ করবে ওর
অপমানে - মেশা শরীর—
কাব্যগ্রন্থ
'অঙ্গুরী তোর হিরণ্যজল'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।