তোমাকেই মনে পড়ে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তোমাকেই মনে পড়ে আজ নীল হেমন্তের রাতে
মাথার উপর
চাঁদের অসংখ্য চালাঘর
তুমি বলেছিলে—ঐ দেশ
একদিন হবে নির্বিশেষ
তব রাজধানী
সেদিনের কথা চাঁদ নিয়ে করে আজো কানাকানি !
তুমি কি সন্তুষ্ট নও আর
এ-ভুবনে কত চমৎকার
বাসাবাড়ি
নদীতে দেবে না কেন পাড়ি ?
মনে মনে
কেন বা যাবে না দূর বনে ?
পাতার আড়ালে
কেন বা যাবে না ডালে ডালে ?
ঐ দেশে পাবে
তোমার হৃদয় যত ভাবে
পর্যটনময় ?
ঐ দেশে আছে কি সংশয়
প্রেমে—পারিজাতে ?
তোমাকেই মনে পড়ে আজ নীল হেমন্তের রাতে
কাব্যগ্রন্থ - 'ধর্মে আছো জিরাফেও আছো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।