ভেবে দেখবে যাবে কি না যাবে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দুঃখের দরজা ফেলে কিছু গেলে অনির্বচনীয়
উঠোন একটি পাবে।
ভেবে দেখবে, যাবে কি না যাবে।
উঠোনের একদিকে ছোটখাট সবজিবাগানের না-ছোঁয়া আভাস-
তাকে ছেড়ে যাওয়া চলে?
উঠোন সমগ্রে কথা বলে:
যতদিকে ঘর-গেরস্থালি
জীবনযাপনে লাগে কালি।
তবু অন্যদিকে
প্রান্তর ভাসিয়ে ঘোরা নদনদী হয়ে আসে ফিকে
উঠোনেই পর্যাপ্ত গোধূলি
আলুথালু হয়ে আছে চাঁদ, কিন্তু, রয় না কিংখাবে
দুঃখের দরজা ফেলে কিছু গেলে, অনির্বচনীয়
উঠোন একটি পাবে
ভেবে দেখবে, যাবে কি না যাবে
ভেবে দেখবে যাবে কি না যাবে।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।