অর্বাচীন নায়িকা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
অঙ্গেতে চন্দনগন্ধ, কণ্ঠে শোভে নীল চন্দ্রহার,
মৃণাল বলয়ে যুগ্ম স্বর্ণবিছা, অঙ্গুরী হীরকে
বাঁধে সে সম্মানমূল্য, হংসীর গমনে দোলে তার
অঙ্গার আকুল কেশ, দৃষ্টি দূর স্নিগ্ধ কুরুবকে।
প্রাচীন রূপসী চলে বিলাসিনী নদীর নিকটে
চরণমঞ্জরে বাজে চঞ্চল জলের মিষ্টম্বর,
কে যেন চতুর চোর অশ্ব বাঁধা পিতামহ বটে ;
এ -নকল নাট্যে কিম্বা পৌরাণিক যুগে আনতো দর।
এখন শিল্পের মাটি পরেছে অক্ষম নীলশিরা
যুক্তির বা নায়িকার মুখ ভ'রে অঙ্কের মতন
চেক্ চেক্ ঢেরা কাটা, ক্যাম্প, কুস্তি ক'রে বাসে চড়া—
মা নিয়ে নবতি পোষ্য, ইলেকশন, সুস্থ শিরঃপীড়া কেবল অন্নের জন্য।
প্রেম আহা, উজ্জ্বল স্টেশন
দূরে নিয়ে চলে মনকে, কাঁখে জ্বলে সংসারের ঘড়া॥
কাব্যগ্রন্থ. প্রকাশকাল :
'ছবি আঁকে, ছিঁড়ে ফ্যালে' জানুয়ারি-১৯৯১
দেশ, নভেম্বর ১৯৫৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।