যৌবন থেকে বামে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যেখান থেকে গিয়েছিলাম সেখানে ফিরে আসি
পথের ধারে, পোড়ো জলার বুকের কাছে ভাসি
আমি শালুক অনভিজাত ; ঝিলের বাঁকা পথে
পঞ্চদশ কলসি চলে আমি সে-ফুল হতে
পারিনি, আহা নীলকমল লালকমল ভাই
এই যে-পথ শোলার খেত বাদামপাতা ঝরা
এই যে পথ শিশুবেলার হাজারো বার ধরা
পানকৌড়ি খেলছে জলা দীঘল বাসি কাঁথা
পড়ে রইলো পচতে রইলো চলে গেলাম গাঁথা
মালা আনতে ধান ভানতে বনে
জলে ভীষণ শব্দ হলো। মরলো কেউ। জ্যোৎস্না নিরিবিলি।
চাঁদের মুখে ভয়াল চুল চাঁদের মতন কেউ কি একা ছিলি
ঘরে থেকেও ঘরের বাইরে। নেভা বাতির টুকরো ধরে জালে
তোর পুরোনো আত্মীয়েরা। দুঃখে মরি পোড়া ডাঙার ভালে
হাওয়া, আমার কমলকুলায় ভালোবাসার শুকালো ফুলরাশি,
যেখান থেকে গিয়েছিলাম সেখানে ফিরে আসি॥
কাব্যগ্রন্থ :
'হে প্রেম হে নৈঃশব্দ্য'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।