ফিরে এসো মালবিকা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মালবিকা অইখানে যেওনাকো তুমি,
কথা কয়োনাকো অই যুবকের সাথে,
কী কথা তাহার সাথে? তার সাথে?
মালবিকা জানো তুমি ঘাসে কি লবণ?
সামনে দেওদার বন, আমি বসে আছি।
ফিরে এসো মালবিকা কী সুস্বাদ এখানে, জীবনে -
ফিরে এসো মালবিকা যুবকের সাথে তুমি যেওনাকো আর,
শান্তিনিকেতনে আমি দেখেছি পলাশ-
ফিরে এসো মালবিকা,
ও-পলাশে আমি তোমাকে সাজাবো;
রাঙা ধুলো দিয়ে আমি তোমাকে সাজাবো ;
ভালোবাসা দিয়ে আমি তোমাকে সাজাবো।
ফিরে এসো মালবিকা,
যুবকের সাথে তুমি যেওনাকো আর।
এখানে মন্দিরে-মেঘে আশ্চর্য ঝংকার---
ফিরে এসো মালবিকা, ইচ্ছে করো, এখনই এসো!
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
' কিছু মায়া রয়ে গেলো ' জানুয়ারি- ১৯৯৭
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।