ছুঁয়ে যাচ্ছে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ছুঁয়ে যাচ্ছে মাথা, গাছের পাতা–শিরিষ পাতায়।
ঢেকে যাচ্ছে মাথা আমার কী আলস্যে—
সবুজ বৃষ্টিভেজা পাতায় ঢেকে যাচ্ছে আমার মাথা
কী আলস্যে!
আকাশ ভরে আছে মেঘে
পাতার ভিতর বাতাস স্নেহে
বয়ে যাচ্ছে নিরুদ্বেগে, পরিহাস্যে
তার আমার তো কথাই ছিলো
পরিবেশেই প্রকাশিলো, অনৌদাস্যে—
ছোঁয়ার পরম অর্থ আছে
হোক না ছোঁয়া শিরিষ গাছের
সরল ভাষ্যে
বোঝার ঘা সব বুঝেই নিলো
তার আসার তো কথাই ছিলো
এসেছে সে।
ছুঁয়ে যাচ্ছে মাথা গাছের পাতা——শিরিষ পাতায়।
ঢেকে যাচ্ছে মাথা আমার কী আলস্যে,
সবুজ বৃষ্টিভেজা পাতায়, ঢেকে যাচ্ছে আমার মাথা
কী আলস্যে!
কাব্যগ্রন্থ — প্রকাশকাল :
'বিষের মধ্যে সমস্ত শোক' ২৫শে বৈশাখ–১৩৯৪
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।