রথ
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
কাননের কোলে শ্যামল কোমল পথটি-
তাহারি উপরে চলিয়াছে ধীরে রথটি।
সমুখে সুদূরে উদিছে প্রভাত রবি,
হাসিছে জগৎ মধুর সোনালি ছবি,
পথ তরুসারি ভরিয়া রয়েছে ফুলে,
শাখায় শাখায় দোয়েল পাপিয়া বুলে;
নব উৎসাহে চলেছে নূতন রথটি-
শান্ত সরল আলোক উজল পথটি!
নগরের মাঝে রক্ত-পাটল পথটি-
তারি 'পর দিয়া ছুটিয়া চলেছে রথটি।
মাথার উপরে জ্বলিছে প্রখর রবি,
ধুলায় ধূসর পিঙ্গ জগৎ ছবি,
পথ ঘাট বাট মানুষে মানুষে ভরা-
কলকোলাহলে কাঁপিয়া উঠিছে ধরা।
অধীর আবেগে চলেছে ছুটিয়া রথটি-
ঘুরিয়া ফিরিয়া চলিয়াছে বাঁকা পথটি!
সাগরের কূলে বালুকাধূসর পথটি--
তারি 'পরে এসে থামিয়া আসিল রথটি।
অস্ত অচলে ডুবিছে ক্লান্ত রবি,
মৌন বিষাদে জগৎ তামসী-ছবি,
প্রান্তর-পথে নাহি চলে জনপ্রাণী,
নিভৃত আকাশে ধ্বনিছে ঘুমের বাণী;
মন্থর গতি থামিল জীর্ণ রথটি-
সাগরে আসিয়া মিলাইয়া গেল পথটি!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।