কাটে দিন, দেয়ালে ঢুকিয়ে সিঁধ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
দীর্ঘদিন তার কাছে, ছেলেবেলা থেকে তার কাছে
মানুষ হয়েছি আমি, তার পাঁশঢিবির উপরে
খেলেছি অনেক খেলা, কোষে বিষ করেছি লেহন মরিনি,
শিখেছি বাঁচতে, জিভ দেগে-গেরস্থের ঘরে
মানুষ হয়েছি আমি, একবার মানুষই থাকতে চাই।
ভেঙে টুকরো হতে চাই না যাতে সে স্বচ্ছন্দে যাবে ভুলে
অর্থাৎ যেতেও পারে সে তো নয় দৃষ্টিতে দারুণ
তুখড়ো মায়াবী কেউ, অটুট ব্যক্তিত্বে কাছা খুলে যায় তার,
এঁটে রাখে, কোনোমতে ভদ্রতা রক্ষাই
জরুরি সমস্যা তার, আমি যে মানুষই থাকতে চাই—
এও তো পাঠশালে শিক্ষা, তারও পরে ইস্কুলবাড়িতে
ভেতরের মনুষ্যত্ব বাইরে থাকে,
বাহ্যত ফাঁড়িতে কাটে দিন, দেয়ালে ঢুকিয়ে সিঁধ,
ন্যায়নিষ্ঠ দেশে-কুকুর-কেত্তনে ভাগ্যি আড়ে ঠেকা দেয় রায়বেশে।
কাব্যগ্রন্থ
'প্রভু, নষ্ট হয়ে যাই'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।