আবাহন
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
ধ্বনিছে তোমার নাম আকুল অম্বরে-
হে মোর বসন্ত-লক্ষ্মি, কলকণ্ঠস্বরে
ডাকাও পাপিয়া পিক হৃদয় নন্দনে,
ফুটাও মাধবীপুঞ্জ প্রিয়কুঞ্জবনে।
বিশ্বের বসন্ত আজি তোমারে ডাকিছে-
তুমি না আসিলে যদি বসন্ত তো মিছে!
তব গানে আম্রবীথি করিয়া আকুল
কৌতূহলে বাহিরিবে উন্মত্ত মুকুল।
বন-মল্লিকার বনে তব স্মিত হাসি
নিখিল ফুলের গন্ধ করিবে উদাসী।
ভিখারি বসন্ত আজি তোমারে ডাকিছে-
তুমি না আসিলে যদি বসন্ত তো মিছে।
কোকিল কূজিতে চাহে তোমার আহ্বান,
ভ্রমর গুঞ্জিতে চায় তব স্তবগান, -
রূপে রসে গন্ধে স্পর্শে শব্দে করি চুরি
ধরণী ছড়াতে চাহে তোমারি মাধুরি;
তাই দশদিক আজি তোমারে মাগিছে-
তুমি না আসিলে যদি বসন্ত তো মিছে!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।