'স্বপ্নো নু মায়া নু'
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
এক ফালি জ্যোৎস্নাসম প্রিয়া মোর রহিয়াছে মিশি
শুভ্র শয্যাটির সাথে-মূর্ছাতুরা পূর্ণিমার নিশি!
শ্রাবণের আর্দ্রবায়ে কেতকীর গন্ধ ভেসে আসে
দক্ষিণের বাতায়নে; নিশীথের নিঃশব্দ আকাশে
কথা কও, কথা কও-ক্লিষ্ট কণ্ঠে কোথা কোন্ পাখি
দূর হতে আরো দূরে উড়ে-উড়ে চলিয়াছে ডাকি।
একটানা ঝিল্লিধ্বনি চলে শুধু স্বপ্নজাল বুনে
শ্রান্তিহীন গুঞ্জরণে,-ঘুম যায় রাত্রি তাই শুনে।
সুন্দরের স্বপ্নাবেশ জীবনের কোলাহল-পারে;
তন্দ্রার তমিস্রা টুটি জ্যোৎস্না ফেটে পড়ে চারিধারে
মুগ্ধ জাগরণসম, অথবা সে জাগ্রত স্বপন!
জীবন পড়িছে ঢুলি, ঘুম ভেঙে চাহে কি মরণ?
স্বপ্নসম এ জীবন অমিলে ও গরমিলে ভরা-
ধরার ধারণা-বন্ধে দু-দিন চাহে না দিতে ধরা!
স্বপ্নের কি দোষ তবে? গাহ স্বপ্ন-সুন্দরের জয়-
হোক্ তা ক্ষণিক মিথ্যা,-জীবন তো তার বেশি নয়।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।