এখন আমার কোনো অভিমান নেই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভিতরে তো কতো জল, তবু অভিমান!
মাটির কলস কেন অভিমান করে?
গা-ভরা জলের ফোঁটা নামে এঁকেবেঁকে–
নিচে যেন নদী পাবে, প্রিয়মুখ পাবে,
বুকের দীঘিটি নোনা জলেই ভাসাবে
আজ। কেন? সুযোগ মিলেছে?
সব নয়, কিছু গাছ বড়ো অভিমানী।
চুম্বনে ওঠাও ছাল, রক্ত ঝরে যাবে,
রক্ত মানে আঠা, রস, তীব্র অভিমান।
কুঠারের হিংস্র হতে হবে না তোমাকে
আনমনা ছোঁয়া পেলে লজ্জাবতী লতা!
বৃষ্টির ভিতরে কিছু অভিমান আছে।
জলে প'ড়ে ঠোঁট ফোলায়, করে লুকোচুরি,
ক্ষেতে ও খামারে প'ড়ে সোঁদা গন্ধ তোলে।
কেন তার অভিমান? পতনে-পীড়নে?
এখন আমার কোনো অভিমান নেই।
অভিমান আগে ছিলো, অতল জলের
অভিমান আগে ছিলো, আজ জলও নেই।
কাব্যগ্রন্থ : যেতে পারি কিন্তু কেন যাব
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।