ভ্রান্তি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
জল যায় রে শিলা আমার বক্ষপট দহে
সলিতালতা রূপসী পোড়ে নিবিড় তরী ভ’রে
ফেরা ভালো ফেরাই ভালো, বাতাসে কত সহে
দহনভার ভস্মতার মরীচিকার মালা ?
রাখো কোথায় ? ছন্নপট বিনা-হৃদয় জুড়ে
হে শিলামালা চরণমূলে রাখিবে ধ’রে যদি
ফিরায়ো না সে শুভ্র হাঁস নখরাহতে ধীরে
নভোছায়ায় মগ্ন যেথা লুটায় রেখা-নদী |
জল যায় রে এমন দিনে চাঁচর মুখপানে
তারাভিলাষী মাতাল শূক ফেনাবগাঢ় রাতে
পুড়িয়া মরে মান্দাসিনী ছুঁয়ো না মায়াভানে
চরণমূলে চিহ্ন থাক্ শিলাবনত প’ড়ে |
তোমায় কিছু দিয়েছিলাম, প্রীতির ছায়াতলে
নীলাঞ্জন, ঝরিয়া গেলে রম্য চিতাপটে—
চমত্কার বারুণীগতি আছো তো সখা ভালো ?
বাতাসে তার চমৎকার ভস্মভার মরীচিকার শূন্য নদীতটে |
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।