রাত্রি শেষ,আসে পরদিন
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
টিকোমা-হলুদ আজ বাগানে একপাশে,
অন্যদিকে মুসান্ডার গোলাপি সমাজ,
সামনে নম্র দেবদারু, দুপাশে সুপারি,
মাঝে দূর্বাঘাস যেন পেতেছে গালিচা,
বিকেলে ওখানে বসে চা পান এবং সেদিনের ডাক খোলা—
কাছে-দূরে দু'তরফ চিঠি রাখা পাট-পাট করে ;
নিতান্ত সৌভাগ্য যার, সে চিঠির উত্তর পাবে হে!
অন্য ধূলিধূসরিত পড়ে থাকে টেবিলে একপাশে, সন্ধে হলে ঘরে আসা,
বাহিরে সম্যক আলো গেলে
ঘরে ফেরা পাখিদের মতো।
সারাদিন ক্রীড়ায় সন্নত—
ঘরে ফেরা পাখিদের মতো নিজস্ব শয্যায়।
বন্ধু আসে, বহ্নিপান হয়, উৎসবের রেশ টেনে-টেনে—
কিছু গান, পদ্যপাঠ, খোশগল্প, সেদিনের মতো
রাত্রি শেষ, আসে পরদিন, অন্যরূপে!
কাব্যগ্রন্থ- দেশ, আগস্ট '১৯৯২
'জঙ্গল বিষাদে আছে'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।