তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই, যেমন ভাবো -
দু-চোখে দুই জব্দ ঠুলি কোন্ গগনে খুঁজলে পাবো
গন্ধবিহীন দ্বন্দ্ববিচার? সেই সুযোগে কিয়দ্দুরে
দশ-বারোটি মন-মরা বুক সাধ করে আজ রাখছি খুঁড়ে
কোন্ গোপনে মুখ লুকোবে, সেইখানে কৌশলে যাবো
তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই, যেমন ভাবো -
দু-এক পশলা বৃষ্টি পড়ছে গাছের ও কদমের শাখায়
আমার উড়োনচন্ডি চলা থমকে যাবে ভিজলে পাখা?
অঙ্গভঙ্গি কেদার রাজার, ভেতরে বাক্ 'ভিক্ষা পাবো?'
তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই, যেমন ভাবো -
উপর থেকে নিচুতে চোখ কেনই বা যায় শকুনপাখির
চরিত্রে টান? কিংবা সত্যি দোষ ছিলো তার সজল আঁখির
বলতে পারো মাংসাশী জিভ অমৃত-আস্বাদী তৃণে
সুখের স্বর্গ পাচ্ছে খুঁজে? কোন্ নারী চরিত্র বিনে
খায় পর-পুরুষের রক্ত ? উচিত কথা বললে যাবো
তোমায় আমি অল্প একটু ভাবাতে চাই, যেমন ভাবো।।
(কাব্যগ্রন্থ: সোনার মাছি খুন করেছি)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।