সমস্ত নক্ষত্র আজ নক্ষত্রের
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সমস্ত নক্ষত্র আজ নক্ষত্রের ভিতরের ক্রোধ
বােঝাতে না পেরে যেন আরাে দূরে চলে যেতে থাকে
অভিমানই এরকম অঘটন ঘটাতে সক্ষম---
এই ভেবে, মানুষেরও বুক অভিমানে ভরে যায়
মানুষ নক্ষত্র নয়, নক্ষত্রের মতাে দূরে নয়
মানুষের মধ্যে তবু নক্ষত্রপুঞ্জেরা খেলা করে।
সেরকম খেলা থেকে প্রাপনীয় সমস্ত বােধের
জন্ম হয়, মৃত্যু হয় - - মানুষেরই মধ্যে যেতে থাকে
মিশে তা মাটিতে যেন, শস্যে আর শ্যাওলার ভিতরে
ক্ষিপ্ৰ ছুঁচ ? কিন্তু সে তাে মেশে না মাটিতে-রক্তে-হাড়ে
তাহলে ও ছুঁচ নয়, গভীর, ব্যাপক ম্লান প্রেম !
কিশােরজীবনে শুধু একবারই ছুঁয়ে যেতে আসে---
অকারণে…
সমস্ত নক্ষত্র আজ নক্ষত্রের ভিতরের ক্রোধ
বােঝাতে না পেরে যেন আরাে দূরে চলে যেতে থাকে॥
কাব্যগ্রন্থ -
" যুগলবন্দী "
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।