পাতাল থেকে ডাকছি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
স্পর্ধার মৃত্যুই শ্রেয়, তুমি ভ্রান্ত পুণ্যের কৌতুকে
আমারে নিতেছাে টানি, আলিঙ্গনবিহীন দুর্গম …
বামে বা দক্ষিণে আহা প্রেম দুঃস্থ পাংশু রসাতল
উপস্থ ব্যাধির পােকা, কৃমি, পুঁজ, রক্তপাত বুকে
আমারে ভালােই বাসে।
—নরক ! নরক ! ওরা বলে তারে চীকৃত সমীহে
বরং দূরেই রয় ; রম্য লীঢ়্ সম্পতি - সম্বৃত
শুকনাে সুখী সামাজিক;অতিকায় দুঃস্বপ্নে বিলীন উজ্জ্বল সুস্থের স্পর্ধা।
এই স্পর্ধা পুণ্যে নেবে ছেনে
এত বড়াে কারিগর। ডৌল ভেঙে রহস্যে নবীন
নিয়ে যাবে যেন নিশা প্রলােভে পাখিরে
কুলায় - উষ্ণতা থেকে দেশান্তরে বিরহে বিনাশে
অক্ষয় নিদ্রায়।
প্রিয়তম, রাখাে আত্ম এনে
আমার পাতালে বুকে উপভােগ আরণ্যক মূলে
ভীষণ সৌন্দর্য, দ্যাখাে পাপ আহা অত্যুজ্জ্বল পাপ স্ফটিক
হে আদিনাগ পলালমণ্ডিত কেশমালা
শ্বেততম উষ্ণ চর, হে স্ফীতি হে মহান প্রলয়
আসন্ন কোরক বিশ্বে এই-ই মাত্র ভাস্কর্য পাতাল॥
কাব্যগ্রন্থ :
'হে প্রেম হে নৈঃশব্দ্য'
[উত্তরসূরী ॥মাঘ - চৈত্র ১৩৬৫]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।