শরণার্থী বাংলাভাষা, পুনর্জন্মে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কলকাতার গলি থেকে আল মাহমুদ বিদায় নিয়েছে, ওর শরণার্থী চোখ কোনোদিন দেখতেও হবে না।
জানি না আহত হয়ে গেছে কিনা ভুল ব্যবহারে,
আমার আড়ালে আমি হয়েছি না হয়েছি হিংসুক !
মনে পড়ে আল মাহমুদ ? কিংবা মনে প্রকৃত পড়ে না ক্ষিপ্র ও কোমল বাংলাভাষা নিয়ে সহোদর তুই
দৌড়ে এলি — ওই অস্ত্র, ওই সুখ, স্বপ্ন ভালোবাসা আমারও আয়ত্ব, তবু আজীবন স্বপ্নের ভিতরে
ওষ্ঠাগত প্রাণ, হাড়, গ্রন্থি আর নিরুৎসব মেদ
এসবই দেখেছি, চোখে পড়েনি শ্যামল, নীলাঞ্জন
যার ভ্রূভঙ্গির দাম বাংলাভাষা রাজ সিংহাসনে ....
অথচ আমারও ছিলো কাঁধে মেঘ, চক্ষে জলধারা
গাভী, গৃহলক্ষ্মী, সবই শস্যক্ষেতে যত্নবান চাষা
অধীর মন্থর বায়ু, কদম্বের থাল একই চাঁদ—
আমারও সঙ্গীত বাজে ঢাকে ঢোলে ছিন্ন খালে - বিলে ! অথচ কী মন্ত্রবলে তাকে ভুলে ছিলাম প্রবাসে !
একেই প্রবাস বলে যথাযোগ্য ছিল বাসভূমে,
আমার অজ্ঞাত ছিলো এতকাল আমারই আড়ালে— আজ মুখোমুখি এসে দাঁড়িয়েছে তোমার মতন
শরণার্থী বাংলাভাষা , পুনর্জন্মে হয়েছে প্রগাঢ় ॥
কাব্যগ্রন্থ
' অস্ত্রের গৌরবহীন একা '
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।