এক পাত্র সুধা দাও
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এক পাত্র সুধা দাও আমি পান করি।
বড় তৃষ্ণা যেন কাক খুলেছে দুঠোঁট,
হাঁ খোলে কাঁকুরে মাটি কোথা সোঁতা দীর্ঘ নীল জল-
এক পাত্র সুধা দাও আমি পান করি।
তৃষ্ণায় ফেটেছে ছাতি, এক হাতি বালুকা সরাও,
অন্তঃশীলা জল পাবে মরুনদীখাদে,
বিপুল পৃথিবী এই, তৃষ্ণা দিয়ে বাঁধে।
জল দাও পান করি, ঢালো সুধা কাঠফাটা জিহ্বায়-
শান্তি পাই, তৃপ্তি পাই, এক পাত্র সুধা ঢালো মুখে।
চিবুকের থেকে সুধা পড়ুক গড়িয়ে,
তুমি ঢালো, বৃষ্টির মতন ঢেলে দাও
অপেক্ষায় আছি।।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।