ক্ষ্যাপা
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
(বাউল)
ওরে ক্ষ্যাপা, যদি প্রাণ দিতে চাস্-
এই বেলা তুই দিয়ে দে না;
ওরে, মানের তরে প্রাণটি দেবার
এমন সুযোগ আর হবে না!
যখন, দু-দিন আগে দু-দিন পরে-
তফাৎ মাত্র এই,
তখন অমূল্য এই মানবজীবন
বৃথায় দিতে নেই-
(ওরে ক্ষ্যাপা
মায়ের দেওয়া এ ছার জনম
দে রে মায়ের তরে;
অমর জনম পাবিরে ভাই
জগৎ-মায়ের ঘরে।
কি দিয়েছিস-লিখবে যখন
পরকালের খাতা,
তখন, তোরই দানে করবে আলো
বইয়ের প্রথম পাতা!-
(ওরে ক্ষ্যাপা)
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।