জলের উপর
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
জলের উপর খোলামকুচির মতন পত্পত্ করে ভেসে যাচ্ছে
আমাদের দিনগুলো ওপারে যাবে।
ওপারে যাবে কিংবা মাঝপুকুরেই মরবে ডুবে
রানায় দাঁড়িয়ে আবার একটা ছুঁড়ে মারবো জলের মুখে জলের হাসি
খেজুরের দাঁড়ে বসে গণৎকার মাছরাঙা
মন্দ কী? এভাবেই দিনগুলো কেটে যাক।
জল তুলতে কলস এনেছিলাম
কলস ভেঙে গেলো— জলও তোলা হলো না
ভাঙা কলসের রাশিকৃত ব্যর্থদিনগুলো আমার এভাবেই ভাসিয়ে দিলাম।
এমন করে ভাসাতে আর ডোবাতে ডোবাতে
দিনগুলো আমার ফুরিয়ে গেলো এবং
খেজুরের ডালে বসা গণৎকার মাছরাঙাও চললো উড়ে
কাজ ফুরিয়েছে—
আর বড় জোর দুয়েকদিনের মেয়াদ
তারপর এইসব কলস, জল আর মাছরাঙা ভেদ করে
সর্বাঙ্গীণ হারিয়ে যেতে পারে
১০/ ১১ / ১৯৬৫
অগ্রন্থিত কবিতা।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।