প্রকৃতির আলো-আঁধারে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
প্রকৃতির আলোয় আঁধারে সাঁতার দিতে-দিতে
কবিতার দোয়াতে ডুবিয়ে কলম
যেন মাছরাঙা, জলে ছোঁ আকাশে বাহু তুলে কাঙাল লাফ
'তুমি আমারি — তুমি আমারি ' এই শেষ বোধে সতত
ভেসে-যাওয়া কাদাজল
মাঠ ভেদ ক'রে চন্দন-ছিটোনো কচুবনের পাশ দিয়ে, কালো হাঁড়ি
ভাসিয়ে সুদূর ডোমপাড়া —
সব মুছে গেলেও নিমগাছ—এর স্মৃতি মোছে না কখনো
কাঁধের জোড়ে বসানো শালুক-ধরার কলস
উঠোনের টগর-টমটম
তারই কাছে-ভিতে আলগা ঝোড়া হা-করে শুয়ে রয়েছে
ইতস্তত ঠেলা দিলেই ভিতরে তার মুঠো-মুঠো ছাতার পাখি —
প্রকৃতির আলোয় আঁধারে সাঁতার দিতে-দিতে
কবিতার দোয়াতে ডুবিয়ে কলম
এমন স্মৃতির থেকেও মুক্তি নেই—নিষ্কৃতি নেই— অবশেষে সেই
উঠোনের টগর-টমটম
তারই কাছে-ভিতে আলগা ঝোড়া হা-করে শুয়ে রয়েছে
ইতস্তত ঠেলা দিলেই ভিতরে তার মুঠো-মুঠো ছাতার পাখি —
১৮-০২-৬৬
অগ্রন্থিত।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।