চতুর্দশপদী কবিতাবলী -২০
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
সেদিন খেলারও ছিলাে কত সজ্জা, কত সরঞ্জাম—
মাঠের বাহার ছিলো। আজকাল জীবনেও নাই
তেমন বাহাস্ফোট। জীবনের শাসনপ্রধান
তালিবনে জ্যোৎস্না মেখে ধবল মার্বেল পড়ে আছে।
তুমি চিরদিন যদি খোঁজো তাঁকে, পাবেই একদা
তুমি চিরদিন যদি ভালােবাসাে, ভালােবাসা পাবে।
ওয়েলিংটন থেকে যেন ঐ সাম্রাজ্যের শুরু
মার্বেলের উপরের কিরীট জ্যোৎস্নায় ভাসিতেছে।
অই দুঃখ সচেতন, অনুরােধ করাে না কখনাে
অভিষিক্ত হতে কোনাে রাজপদে — আমি পরাঙমুখ
অন্ধ আমি জ্যোৎস্না হতে মার্বেলের প্রদীপে কম্বল
ধরে আছি দীর্ঘদিন, যতক্ষণ তাপ নাহি লাগে।
যদি চিরদিন তুমি খোঁজো তাঁকে, পাবেই একদা —
তুমি যদি চিরদিন ভালােবাসাে, ভালােবাসা পাবে।
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।