শিশু-রহস্য
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
কহিতে জানে না কথা-মুখে ভাঙা ভাষ,
চলিতে পারে না, সদা চলিবার আশ;
হাসি কি জানে না, মুখে হাসি আছে ফুটে,
কান্না অর্থহীন, চুম্বনেতে কেঁদে উঠে;
ভাবুক নহেকো তবু খেয়ালেতে আছে,
আকাশের চাঁদেরে সে মিতা করিয়াছে;
ভালো মন্দ নাহি বুঝে, যা পায় তা খায়
মায়ে মারে, তবু ফিরে মারই কাছে যায়;
রাত দিন ধুলো মাখে তবুও সুন্দর,
হাসিতে ফুটিয়া উঠে কলিকা কুন্দর;
ধর্মের ধারে না ধার-কৃষ্ণ কিংবা যিশু,
লজ্জাহীন নগ্নকায় অধার্মিক শিশু!
সর্বলোক-শিশু-পিতা বিধাতার বরে,
অকলঙ্ক শিশুবেশে মানবের ঘরে!
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।