চতুর্দশপদী কবিতাবলী —৪০
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যেবার ওদের সঙ্গে যেতে হলো বেড়াতে পশ্চিমে —
মানুষ বেড়ায় ! তাই বহুদিন সাহাবাবুদের
কালাে ছেলেটির কাছে ছিলে তুমি, মােটে ফরসা নয় আমার মতন,
আহা প্লাতেরাে, তােমারই কষ্ট হলাে!
পশ্চিমের থেকে কিছু ঘাস আমি তােমাকে পাঠাই খামের ভিতর,
তুমি পােস্টাপিস থেকে চেয়ে নিও
খামটা খেয়াে না, ওতে আঠা আছে, কালিতেও বিষ—
পেটের অসুখ হলে কে তােমারে দেখবে প্লাতেরাে?
মনে আছে, কিছুদিন আমাদের বাড়ির উঠানে
তােমার চারিটি পায়ে জুতােমােজা পরিয়ে বলতাম :
প্লাতেরাে, অঙ্কের ক্লাশে এইভাবে ফাঁকি দিতে হবে—
এইভাবে খেতে হবে কড়াইশুটির প্রস্রবণ।
মনে আছে, মনে আছে, মনে আছে প্লাতেরাে আমাকে?
—সাহাবাবুদের কালাে ছেলেটি আমার চেয়ে কালাে!
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।