পৃথিবীরই ব্যাপকতা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
এ নয় নগরে যাওয়া পথ খুঁড়ে গৃহেরই পশ্চাতে
কিংবা কখনোই নয়
জেগে থেকে বসন্তের রাতে কোকিলের কণ্ঠ শোনা।
এ যেন সমস্ত কিছু ছেড়ে
বাসনায় ভেসে-আসা, কুলাকূলে নৌকা তবু ভেড়ে!
মনোভূমি ছেড়ে এসে বনভূমি আমাকে কী দেবে
আমার তা চিন্তা নয়। ছায়া নামে গাছ থেকে ভেবে ?
একেই সারল্য বলে—একে বলে সর্বসমর্পণ
অতীতের যতো দেখা বারংবার দ্যাখে শুধু মন।
দেহ দ্যাখে ভবিষ্যৎ— তাই এই বদ্ধপরিকর
উচাটন ভেসে-আসা। এ-তুমুল সাঁতারে কি চর
পাওয়া যাবে কোনোদিন ? বনভূমি ? বৃক্ষে ভালোবাসা ?
কোকিলের কণ্ঠ শুনে বসন্তের রাতে বড়ো আশা জেগেছিলো,
যাকে শুধু প্রেম, পুরাতত্ত্ব বলে নয় পৃথিবীরই ব্যাপকতা,
সুপ্তি বলে জেনেছে হৃদয়।
শারদীয় অমৃত, ১৩৭২
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।