নাম জীবন
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
চোখ ফেলে মাটি কুপিয়ে বেড়াই।
হাওয়ায় ওঠে ফুরফুরিয়ে প্রজাপতির মতন
পাখনা -ভরা
নরম রােদ্দুরে পােড়া মাটি, ঘেঁস, বালি আর কাঠগুঁড়াে,
—সব জায়গার মাটি তাে আর সমান নয়!
তাকে জো–সাে করতে দুটো–একটা চন্দন–সাবানের দরকার,
গা তকতকে করতে দরকার তুরস্ক তােয়ালে,
এছাড়া, খুরপি, নিড়নি নাগালের মধ্যে চাই।
বাগানে বচসা চলবে না, ঠায় ধ্যান
করাতকলের শব্দও নয়।
শুধু একটানা , অবিরাম কানের কাছে শরীর টেনে শামুকের মতন
পাতায় কথা বলা,
শুধু ঝােপ বুঝে কোপ বসানাে!
শেষমেশ, বুকের কাছের নরম মাটিতে ফুটন্ত টগর বসিয়ে চৌ - চম্পট —
সটান ধরা - ছোঁয়ার বাইরে।
এরপর তাে আছেই সপ্তাহান্তে লােকলস্কর এনে কীর্তির দিকে
আঙুল তােলা—
যায় যায় বললেও, সব যায় না—কিছুটা থাকেই.
যার নাম জীবন!
কাব্যগ্রন্থ
'হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।