দোল
এই কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচী · ১ মিনিট পড়ার সময় ·
কে তোদের দোল দিল, তাই বল্-
ও তাল-খেজুর ও বেণুবন, নারিকেলের দল,
কে তোদের দোল দিল তাই বল্
শাখায় শাখায় পাতায় পাতায়
অমন্ করে কে আজ মাতায়,
অচঞ্চলে করলে কে আজ উচ্ছল চঞ্চল!
ওপার হতে আষাঢ় এল চিকন কালো বেশে-
ইশারাতে সেই কি তোদের ডাক দিয়েছে হেসে?
তারি হাওয়ার হাতছানিতে
জাগল কি আজ আচম্বিতে
মর্মরিত শাখায় তোদের হরষ-কোলাহল!
আমার মনেও তোদের মতন অমনি আকুলতা-
বুকের 'পরে আছড়ে মরে হিয়ার যত ব্যথা!
তোদের পাগল শাখার ঘেরে
আজকে আমায় জড়িয়ে নেরে-
অমনি করে দুলুক রে মোর পরানবিহ্বল।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।