ইচ্ছে করে
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ইচ্ছে করে জীবনের জামাকাপড়ের মতো
যন্ত্রণাগুলোকে একে একে নীল সমুদ্রের পারে খুলে রেখে আসি
তারপর?তারপরে তো লোকালয়ে ঢোকার কথা নয়,
বনবাস....
সেখানে কোনো যন্ত্রণা নেই ,গ্রাসাচ্ছাদন,
জানালা দরজা ,
তালাচাবি ....
তার নামই স্বধীনতা , তার নামই উন্মুক্তি!
বারেবারে চেষ্টা করেছিলুম ,গভীরতা থেকে
অগভীর ,
খোলা জায়গায়
পল্লীর আশেপাশে বেরিয়ে এসে দাঁড়িয়েছি আজ..
শুধু একটি শিশুর কান্না শোনবার জন্যে!
তারপর ? সেই কান্না শুনে বনেই ফিরে গেছি!
পরদিন ঠিক যখন মাথার উপর খাড়া হয়ে উঠেছে চাঁদ
তার দিকে তাকিয়ে দেখি ,অবাক কান্ড!
সেই শিশুটিই তখন
আলুথালু পায়ে আমার বুকের উপর উঠে
দাঁড়িয়েছে!
কাব্যগ্রন্থ :
”আমি একা বড়ো একা"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।