কি সেই সম্পদ, সুখ?
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
মানুষ অরণ্যে কিছু পেতে যায়, শুধু পাতা নয়—
নির্জনতা নয় শুধু, বনফুল, হিংস্রতাও নয়।
মানুষ ঝর্ণায় কিছু পেতে যায়, শুধু নয় জল—
পতনের শব্দ নয়, নুড়ি ও পাথর নয়, তারো কিছু বেশি।
কিন্তু ঠিক যাচ্ঞা তার মানুষেরা নিজেও বোঝে না,
বোঝে না বলেই যায়, বারংবার অরণ্যে ঝর্ণায়
প্রকৃত কী পায়, পেয়ে গেছে কিনা—
শুধিয়ে দেখেছি নিরুত্তর হাসি দিয়ে সে আমার জিজ্ঞাসা রুখেছে ।
আমিও মানুষ! তাই, কখনো ঝর্ণার কাছে, অরণ্যের
পাশে গিয়ে বসি
হাত পেতে, বসা নয়, কখনো অন্তরে দিই ডুব,
মনে হয়, দুই মুঠি ভরে গেছে রজত-কাঞ্চনে!
উঠে আসি, হাত খুলে বিচক্ষণ কিছুই দেখি না।
অথচ, কেমন ক'রে মনে হয় পূৰ্ণ হ'য়ে গেছি —
কী সেই সম্পদ, সুখ, মানুষের মেধার অগম?
কী সেই সুবর্ণচাঁপা, কী সেই প্রবাল, কুঁদ ফুল?
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
'ভাত নেই, পাথর রয়েছে' জুলাই -১৯৭৯
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।