কখনো বুকের মাঝে ওঠে গ্রীস
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
কখনো বুকের মাঝে ওঠে গ্রীস
শিল্পের দক্ষিণপার্শ্ব ভ’রে কালো নীরব তুহিন জ’মে যায় |
রুদ্ধ অভিমান করস্পর্শে যে মোছাতে পারে
সেই অনাবশ্যকতা আমায় একাগ্র রেখে
একদিকে চ’লে গেছে |
অতগুলি বাগানের তীব্র ফল, আমি একা
অস্ত্রের গৌরবহীন
প’ড়ে আছি |
তুমি আজো ভীত আজো রুগ্ ণ হয়ে ওঠো |
চাদরের নিরুপম তপ্ত দুঃখে শিমূলের মতো
তোমার আচ্ছন্ন রাখি, হে বিষণ্ণ মহত্ত্বরহিত মাতা
তোমাকেও |
অতিশয় প্রেম নানাদিকে যায় পথিকের |
আর স্তব্ধ লোভ গ্রীস যেন অমল মুকুট তুলে ধরে
অতগুলি বাগানের তীব্র ফল, আমি একা
অস্ত্রের গৌরবহীন
প’ড়ে আছি |
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।