সদর স্ট্রিট
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
যে - শিল্প ঐকিক নয়, তারে করো দান
শুদ্রাণীরে চাঁড়ালের হাত দিয়া পোড়াও পুস্তকে, যদি কারো
সাধ্য থাকে। গালো পিত্ত, গালো চোখ, বেটে করো কিমা,
কলকাতায় ভেসে ওঠে আঞ্চলিক দুফী-র নীলিমা।
তুমি পারো মেলে ধরতে খোলা বুকে
স্বেচ্ছাচারী ভাষা ডায়ারির বিষণ্ণ পাতা জড়ো করে
পোড়াতে আগুনে তুমি নও, দীর্ণ শীতবিহ্বল সাঁওতাল কৃষ্ণ চাষা
অথবা গুরুর গুরু, সংহতির গভীরে চৌচির।
তুমি কবিগান বেঁধে দোরে দোরে অমন ঘুরো না
মুকুন্দ দাসের মতো, এই ঊনবিংশ ষাট সালে
হৃদয় আমিষদষ্ট, রক্ত নষ্ট, কুকুর কি কালে
সত্যবান ভারতীয় পথিকের হাঁটবে পিছু পিছু ?
অগ্রাহ্য সান্ত্বনা, শুদ্ধ লোকায়তিকের উন্মোচনে—
কী পাবে ? সাঁতার দাও , দর্পণে , লাফিয়ে পড়ো জলে!
কাব্যগ্রন্থ : —
"হে প্রেম হে নৈঃশব্দ্য"
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।