এখানে নিঃশব্দ তুমি
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
শাদা কাপাসের তৃষ্ণা, বনের আড়ালে
রঙের রােমাঞ্চ, দাগ ...
নীল ছই, তাঁবু
টম্ টমের শব্দ হয় ঝুঁকে-পড়া শুকতারকায়!
এখানে নিঃশব্দ তুমি
সজারুর নৃত্যে কি তুফান?
রটনা নেহাৎ অল্প ; কর্মক্ষম চাবি
সিন্দুকের ডালা খােলে দুঃখের মান্ধাতা, ফটোগ্রাফ ..
অমূলতরুর ফুল
সবই কতাে তুচ্ছ , মূল্যবান!
এখানে নিঃশব্দ তুমি
বড়ােবাড়ি পাঁচিল রাখে না
হাট ভেঙে পড়ে নদীতীর
পারঘাটা ...
ছলাৎ ছলাৎ শব্দে কাছে এসে কুর্নিশ জানায়
ওপাড়ার লােকালয়
কিন্তু, তুমি কাপাসেরই কাছে …
রক্তের শপথে বন্দী
বনের আড়ালে দাগ
নীল ছই, তাঁবু
টম্ টমের শব্দ হয় ঝুঁকে-পড়া শুকতারায়!
এখানে নিঃশব্দ তুমি
কাব্যগ্রন্থ
'ভাত নেই, পাথর আছে'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।