চতুর্দশপদী কবিতাবলী-৬৩
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালোবাসা পেলে সব লণ্ডভণ্ড করে চলে যাবো
যেদিকে দুচোখ যায় _যেতে তার খুশি লাগে খুব।
ভালোবাসা পেলে আমি কেন আর পায়সান্ন খাবো
যা খায় গরিবে, তাই খাবো বহুদিন যত্ন করে|
ভালোবাসা পেলে আমি গায়ের সমস্ত মুগ্ধকারী
আবরণ খুলে ফেলে দৌড় ঝাঁপ করবো কড়া রোদে
'উল্লুক' আমায় বলবে---প্রসন্নতাপিয়াসী ভিখারী--
চোয়ালে থাপ্পড় যদি কম হয়, লাথি মারবো পোঁদে।
ভালোবাসা পেলে জানি সব হবে|না পেলে তোমায়
আমি কি বোবার মতো বসে থাকবো? চীৎকার করবো না,
হৈ হৈ করবো না,শুধু বসে থাকবো,জব্দ অভিমানে?
ভালোবাসা না পেলে কি আমার এমনি দিন যাবে
চোরের মতন,কিংবা হাহাকারে সোচ্চার, বিমনা---
আমি কি ভীষণভাবে তাকে চাই ভালোবাসা জানে।
কাব্যগ্রন্থ :
'চতুর্দশপদী কবিতাবলী'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।