চতুর্দশপদী কবিতাবলী - ৩৬
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আশা ছিলাে সন্তানের উৎপন্ন চুলের পরে হাত
রাখা যাবে, আশা ছিল —এরকমতর ছিলো আশা
সংসারে ও চৌরাস্তায় ন্যাংটার মুখশ্রীখানি দেখে
একদিন অন্ধকারে নিজহাত রেখেছি মাথায়।
সেইদিন অন্ধকারে লক্ষ লক্ষ নারীরে জানিয়ে রবীন্দ্রনাথের ভাষ্য,
কবি - সংবর্ধনা ও ম্যাজিক
বলেছি, যখন বলবাে ‘ লাইট মাের লাইট ’ তখনই জ্বালিয়ে দেবেন,
যেন শ্মশানে রৈ রৈ করে আলাে। স্টেজ নিষ্প্রদীপ।
শুধু বেজে যায় লক্ষ্যভ্রষ্ট ঘড়ি
সময় কি থেমে আছে? সময়ের সাড়া নেই কেন?
আপনারা, সামনের যাঁরা তাঁরা দয়া করে বসে পড়ুন নচেৎ…প্রম্পটার,
তুমি ভবিষ্যৎ থেকে প্রম্পট করাে
যেন শুনতে পাই, শােনাে, এ - নাটক মাইরি পড়া নেই–
কী ভয় করছে রে শালা, বাকি সব কাস্টিং কোথায়?
কাব্যগ্রন্থ
'চতুর্দশপদী কবিতাবলী'
[গন্ধর্ব ॥ ১৯৬৩]
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।