আলোকসমস্যা
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
রোদ্দুরে এসেছো প্রভু অন্ধকারে কে আলো জ্বালায়?
একমুঠো অতসীফুল হাতে নিয়ে ভেবেছো
সমৃদ্ধি জীবিত স্মৃতির কুঞ্জে আলোকের বিন্দু চমকে ওঠে
কেউ কেউ ভালোবাসে দুঃখ, মৃত্যু, পরবাস, অতিথির মতো প্রেম।
রোদ্দুর বড়ই স্পষ্ট,
আমরা অত বড় স্পষ্ট সম্পর্ক গর্হিত বলে ভাবতে শিখিয়াছি
কে শেখার? হাওয়া বটে অথবা মান্ধাতা
শিক্ষকতা ব্যবসায় আমাদের দেশে বড় সকাম বাণিজ্য!
রোদ্দুরে প্রভুর আসা প্রয়োজন বলে তত অনুভূত নয়
অস্পষ্ট অন্ধতা যেন রমণীর দ্রুত অন্তর্বাস
সবাই বলেছে চিহ্ন.... যৌবনের উচিত ভদ্রতা।
অকৌতূহলীরা সব মরামাছ মেরে বেশ আছে।
সকল নিসর্গ থেকে নীল আলো ঠাণ্ডা দূরান্বয়ী
রোদ্দুরে সমানুপাতী
অন্যান্য জনক থেকে উজ্জ্বল রেখার রাশি গুচ্ছগুন আলোকিত
সমন্বয়ে নেমে পুষ্প নাম
গরিব আঁধার হাঁকে হাহাকার, উচ্চদন্ত, স্নেহও অবশ্য
একজন মৃত লোক যতটুকু পারে।
অগ্রন্থিত কবিতা
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।