চলে যায়
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ঘুম থেকে উঠে দেখি, রোদ্দুর উঠেছে—
জানলা গলে রোদ এই বিছানায় ভেঙে ভেঙে পড়ে।
অগুরুর গন্ধ কেন? মেঘ কেন করিডোর জুড়ে?
কেউ গেলো? কেউ চলে গেলো?
পাট-করা তোশক, শুধু তেল-কাপড় কলঘরে ছড়ানো— ধোয়া হবে।
আবার জীবন এসে শুয়ে পড়বে সেই একই খাটে
মৃত্যুর অপেক্ষা করবে, কিংবা কিছু আমলকি কুড়িয়ে যাবে বাড়ি ।
চলেছে প্রতিদিন এ চলচ্ছবি, জীবনমৃত্যুর
কাঁধে কাঁধ দিয়ে এই ছোটাছুটি বাহিরে ও ঘরে—
কখন কাহারে মনে পড়ে, তার, যদি মনে পড়ে ?
যেতে হয়, কেউ চলে যায়।
যারা পড়ে থাকে,
তাদের সন্ত্রস্ত করে রাখে—
এই যাওয়া, এই চলে যাওয়া।
কাব্যগ্রন্থ - প্রকাশকাল :
'মানুষ বড়ো কাঁদছে' অগাষ্ট-১৯৭৮
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।