জরাসন্ধ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
আমাকে তুই আনলি কেন, ফিরিয়ে নে ।
যে-মুখ অন্ধকারের মতো শীতল, চোখদুটি রিক্ত হৃদের মতো কৃপণ, তাকে
তোর মায়ের হাতে ছুঁয়ে ফিরিয়ে নিতে বলি | এ-মাঠ আর নয়, ধানের নাড়ায়
বিঁধে কাতর হ’লো পা | সেবন্নে শাকের শরীর মাড়িয়ে মাড়িয়ে মাড়িয়ে আমাকে
তুই আনলি কেন, ফিরিয়ে নে ।
পচা ধানের গন্ধ, শ্যাওলার গন্ধ, ডুবো জলে তেচোকা মাছের আঁশগন্ধ সব আমার
অন্ধকার অনুভবের ঘরে সারি-সারি তোর ভাঁড়ারের নুনমশলার পাত্র
হ’লো, মা | আমি যখন অনঙ্গ অন্ধকারের হাত দেখি না, পা দেখি না, তখন
তোর জরায় ভর করে এ আমায় কোথায় নিয়ে এলি। আমি কখনো অনঙ্গ
অন্ধকারের হাত দেখি না, পা দেখি না ।
কোমল বাতাস এলে ভাবি, কাছেই সমুদ্র | তুই তোর জরার হাতে কঠিন
বাঁধন দিস | অর্থ হয়, আমার যা-কিছু আছে তার অন্ধকার নিয়ে নাইতে
নামলে সমুদ্র স’রে যাবে শীতল স’রে যাবে মৃত্যু স’রে যাবে ।
তবে হয়তো মৃত্যু প্রসব করেছিস জীবনের ভুলে | | অন্ধকার আছি, অন্ধকার
থাকবো, বা অন্ধকার হবো |
আমাকে তুই আনালি কেন, ফিরিয়ে নে ।
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।