দীর্ঘদিন পরে তার করস্পর্শ
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ভালোবাসা দীর্ঘদিন পরে তার করস্পর্শ করে।
ধুন্ধুমার লেগে যায়, মাংসের ভিতরে ছুঁচ ফোটে,
শিরায় বারুদ ঢেলে তারপরে করেছে চুম্বন
ফুটন্ত রক্তের মধ্যে এবার একমুঠি চাল ঢালো।
ভালোবাসা দীর্ঘদিন পরে তার করস্পর্শ করে।
মেঘের ভিতরে ফাটে মেঘের মাংসের খণ্ডগুলি ।
হেমবজ্রপাত হয়, সর্বাংগে চিক্কুর যায় দেখা,
শিকড়ে জড়িয়ে পড়ে এখনো দুজনে কেন একা?
দীর্ঘদিন পরে এই চিতার নিশ্চিন্ত ঘুম থেকে
উঠে - আসা, কাছে - বসা, হাতে -
হাত জড়িয়ে অবাক মূঢ় চেয়ে থাকা, বলা : বৃষ্টি দাও, শুধু মেঘ নয়,
শুধুই উল্লাস নয়, রক্তের ভিতরে ঢালো খেদ,
খরা ও খর্জুর নিয়ে আমি বহু দূর থেকে এসেছি।
মালা দাও, শুকনো হোক, হোক গন্ধহীন, জ্বালাময়ী– মাথা পেতে নেবো,
আর সময়ে ফিরিয়ে দেবো হাতে।
কাব্যগ্রন্থ
' কক্সবাজারে সন্ধ্যা '
২ সেপ্টেম্বর ১৯৮০
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।