ভূতপ্রেত ছিলো কিংবা নারী
এই কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় · ১ মিনিট পড়ার সময় ·
ওকে পথ থেকে ফিরিয়ে দিলো কে
ডেকে আন ফুলের স্তবকে
ওকে তোরা দুঃখ পেতে দে
নিষ্ফল না হয় — যেন বেঁধে।
ওকে তোরা রাজার বাগানে
নিয়ে যা, দুচোখে দিয়ে ধুলি
ওকে দে ঝর্নার কলতানে
ধুয়ে নিতে মলিন অঙ্গুলি।
ওকে তোরা বসাস হৃদয়ে
আসন লাগে না ওর ভালো
ওকে গল্প বল্ -- পরাজয়ে
হয় না আপাদমাথা কালো।
অন্য কিছু আছে — তাহা কই?
সর্বত্র থাকে না দীর্ঘ মই
সিঁড়ি ও স্বাচ্ছন্দ্য —– ঘরবাড়ি
ভূতপ্রেত ছিলো কিংবা নারী॥
কাব্যগ্রন্থ
'ধর্মে আছো জিরাফেও আছো'
লগইন করুন প্রতিক্রিয়া জানাতে
নিউজলেটার
নতুন লেখা সম্পর্কে আপডেট পেতে সাবস্ক্রাইব করুন
আপনি লগইন করে মন্তব্য করতে পারবেন।